নীলমণির আভিজাত্য
কবি : আব্দুল মুসরেফ খাঁন
কাজল কালো ওই হরিণী চোখে মায়ার অঞ্জন মাখা,
পলক ফেলিতেই যেন সহস্র স্বপ্নের আল্পনা আঁকা।
চাহনিতে ঝরে পড়ে শান্ত হ্রদের গহীন শীতল জল,
তুমি কি জানো, ওই কালো আঁখি পুরুষের হৃদয়ে কত চঞ্চল?
তোমার চলায় রাজহংসীর সেই অটল আভিজাত্য রাজে,
প্রতিটি কদম যেন বসন্তের কোনো সেতারের সুরে বাজে।
ডানপিটে নয়, তব অঙ্গে খেলা করে মিতবাক গাম্ভীর্য,
মৌন ঠোঁটের হাসিতে লুকানো দুর্ভেদ্য কোনো ধৈর্য।
শুভ্র ললাটে বিন্দু টিপ যেন গোধূলি বেলার রবি,
বিস্ময় মানে তোমায় হেরিয়া নিপুণ কোনো সে কবি।
গ্রীবার বাঁকে ফুটে ওঠে এক আশ্চর্য আভিজাত্যের শিখা,
তোমার রূপের মোহিনী জালে লক্ষ পুরুষ আজো দিশাহারা ও একা।
অঙ্গভঙ্গিতে নেই চপলতা, আছে এক গভীর গরিমা,
যেন তুলির আঁচড়ে আঁকা বিধাতার শ্রেষ্ঠ কোনো প্রতিমা।
সেই রূপের অনলে পুড়িতে রাজি হাজার চাতক মন,
তুমি যে আভিজাত্যময়ী, হৃদয়ে রাজ করা অমূল্য রতন।
পুরুষের চোখ খুঁজে মরে সদা ওই কাজল কালো আভা,
তব রুপের তরেই তো ম্লান পূর্ণিমার জ্যোৎস্না ও প্রভা।
মর্যাদাপূর্ণ এই স্নিগ্ধতা যেন এক অলিখিত শিল্পকলা,
তুমি অনন্য সুন্দরী, তোমার আভিজাত্যেই প্রেমোচ্ছল পথচলা।
0 Comments