কাজল আঁখির রাজকীয় মায়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
হৃদয় গহিনে কম্পন জাগে, হেরি সে রূপের শিখা,
ললাটে তোমার আভিজাত্যের দীপ্ত তিলক লিখা।
কাজল কালো ওই আঁখি দু’টি, অতল দিঘির নীর,
দৃষ্টিপাতে থমকে দাঁড়ায় সহস্র বীরের ভিড়।
পলক যখন পড়ে ধীরলয়ে, আভিজাত্য ঝরে,
মায়াবী নেত্র পুরুষের মনে তীব্র দহন করে।
কৃষ্ণ আঁখির অতল গহিনে হারায় সকল পথ,
কামনার রথ খুঁজে ফেরে ওই রূপের রাজপথ।
বঙ্কিম গ্রীবা, উন্নত শির, যেন এক রাজবালা,
অঙ্গে তোমার জড়িয়ে আছে সুপ্ত আগুনের মালা।
প্রতিটি ভাঁজে লুকানো ছন্দ, চলনে শিহরণ,
পুরুষের মনে তৃষ্ণা জাগায় তোমার ওই বিচরণ।
উন্নত বক্ষ, তন্বী দেহ, ছড়ায় মদির সুর,
কাছে টেনে নেয়, তবু মনে হয় বহুদূর—বহুদূর।
হাতের চুরির নিক্বণ ধ্বনি মাতাল করে হিয়া,
তপ্ত নিশ্বাসে জাগে ব্যাকুলতা, সবটুকু কাছে গিয়া।
রহস্যময় ওই চোখের কোণে সুতীক্ষ্ণ অভিসার,
মৌন ঠোঁটে রাজকীয় হাসি, শ্রেষ্ঠ অলঙ্কার।
তৃষ্ণার্ত চোখে পুরুষ তাকায়, পেতে চায় অধিকার,
আভিজাত্য আর কামনার দ্বন্দ্বে জয়ে হয় হার।
0 Comments