মৃণালিনী: আভিজাত্যের নূপুরধ্বনি

 


মৃণালিনী: আভিজাত্যের নূপুরধ্বনি

কবি : আব্দুল মুসরেফ খাঁন


রাজপথ জুড়ে মন্থর পায়ে ছড়াও মায়ার রেশ,

আভিজাত্যে ঘেরা তোমার অঙ্গে রাজকীয় কারুবেশ।

মাথা উঁচু করে দৃপ্ত চরণে যখন বাড়াও পা,

মনে হয় যেন ধরিত্রীর বুকে কোনো এক রাজগাঁ।

নাহয় সে হাঁটা তড়িৎগতিতে, নয় সে অতি চপল,

প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে এক আভিজাত্য অতল।

মাটির স্পর্শে বেজে ওঠে যেন অলক্ষ্যে কোনো সুর,

সে চলন বাঁক কেড়ে নেয় মন, নিয়ে যায় বহুদূর।

কাঁধের বিভঙ্গে লুকিয়ে আছে সহস্র বছরের মান,

তোমার চাহনি স্তব্ধ করেছে পুরুষের পিছুটান।

অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে এক গাম্ভীর্যের ছায়া,

যেন কোনো এক প্রাচীন কাব্যের মূর্তিমতী মায়া।

হৃদয় গহনে জাগে তৃষা মোর, জাগে প্রেমবাসনা,

তোমার চরণে লুটিয়ে পড়তে চায় মোর জল্পনা।

ওই যে নুপূর না থেকেও বাজে আভিজাত্যের তালে,

আমি বন্দি হতে চাই প্রিয়ে, তোমার রূপের জালে।

পুরুষের চোখ খুঁজে মরে শুধু ওগো ওই পদধ্বনি,

তুমি হেঁটে গেলে থমকে দাঁড়ায় কালের চাকাখানি।

সুন্দরী তুমি, তার চেয়ে বেশি রাজকীয় তব চলন,

মোর বিবাগী মনে আজ শুধু তোমারই অন্বেষণ।


Post a Comment

0 Comments